
আয়কর অডিট কী? যদি আপনাকে NBR আয়কর অডিটের আওতায় আনা হয় তাহলে কী করবেন — একটি সম্পূর্ণ গাইড
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতিতে ২০২৩–২০২৪ করবর্ষের বেশ কিছু আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে । আপনার ফাইলটি যদি এই তালিকায় থাকে, তবে প্রথমেই বলব — ঘাবড়ানোর বা ভয়ের একেবারেই কিছু নেই।
মনে রাখুন: যেহেতু এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, তাই এখানে কারো কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ নেই। এটি শুধুই একটি রুটিন যাচাই প্রক্রিয়া।
অনেক করদাতার মনেই প্রশ্ন জাগে — আয়কর অডিট আসলে কী? আজ আমি বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করব — অডিট কী , কীভাবে হয় , এবং একজন আয়কর আইনজীবী আপনার স্বার্থ রক্ষায় কী ভূমিকা পালন করেন ।
আয়কর অডিট আসলে কী?
অডিট মানে কোনো শাস্তি বা জরিমানা নয়। এটি শুধুই একটি যাচাই প্রক্রিয়া। আয়কর রিটার্নে আপনি আপনার আয়, ব্যয় ও সম্পদের যে হিসাব দিয়েছেন, তা বাস্তব তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা — তা দেখাই হলো অডিট।
সহজ কথায়: আপনি যে সংখ্যা জমা দিয়েছেন, আয়কর অফিস শুধু তার স্বপক্ষে প্রমাণ দেখতে চাইছে — এটুকুই।
অডিট প্রক্রিয়া কীভাবে চলে?
আইনের ভাষায় অডিটের বিস্তারিত বিধান থাকলেও, একজন করদাতার দৃষ্টিকোণ থেকে পুরো প্রক্রিয়াটি মূলত চারটি সহজ ধাপে সম্পন্ন হয়:
- ধাপ ১: অডিট সিলেকশন ও প্রাথমিক নোটিশ (Audit Selection & Initial Notice): জাতীয় রাজস্ব বোর্ড (NBR) স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত রিটার্নসমূহ থেকে নির্দিষ্ট কিছু ফাইল অডিটের জন্য নির্বাচন করে সংশ্লিষ্ট কর অঞ্চলে পাঠায়। এরপর উপকর কমিশনার (DCT) করদাতাকে অডিট শুরুর বিষয়টি অবহিত করে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠান।
- ধাপ ২: তথ্য ও নথিপত্র যাচাই (Inquiry & Verification): কর কমিশনার কর্তৃক গঠিত অনুসন্ধান ও অডিট টিম করদাতার আয়, ব্যয়, ব্যাংক বিবরণী এবং সম্পদের সপক্ষে প্রয়োজনীয় দলিলপত্র পরীক্ষা করে। ক্ষেত্রবিশেষে তারা করদাতার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করতে পারেন।
- ধাপ ৩: খসড়া অডিট রিপোর্ট ও করদাতার ব্যাখ্যা (Draft Audit Report & Explanation): যাচাই-বাছাই শেষে অডিট টিম একটি 'খসড়া অডিট রিপোর্ট' প্রস্তুত করে করদাতাকে পাঠায়। এই রিপোর্টে যদি কোনো গরমিল বা কর ফাঁকি পাওয়া যায়, তবে করদাতাকে তার সপক্ষে লিখিত ব্যাখ্যা (Written Explanation) দেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়।
- ধাপ ৪: চূড়ান্ত অডিট রিপোর্ট ও সংশোধিত রিটার্ন দাখিল (Final Report & Revised Return): করদাতার ব্যাখ্যা সন্তোষজনক না হলে বা গরমিল প্রমাণিত হলে চূড়ান্ত অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। এরপর উপকর কমিশনার করদাতাকে অডিটের ফাইন্ডিংস অনুযায়ী একটি 'সংশোধিত রিটার্ন' (Revised Return) দাখিল করতে এবং প্রযোজ্য অতিরিক্ত কর পরিশোধ করার নির্দেশ দেন। এটি সঠিকভাবে সম্পন্ন করলে অডিটটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায়।
একজন আয়কর আইনজীবী অডিট প্রক্রিয়ায় কীভাবে সাহায্য করেন?
অনেক করদাতা মনে করেন নিজে নিজেই অডিট সামলানো সম্ভব। সরল ক্ষেত্রে হয়তো সম্ভব। কিন্তু আয়কর আইন জটিল — এবং যা সহজ মনে হয়, তা আইনিভাবে দ্রুত জটিল হয়ে উঠতে পারে — বিশেষত যখন আয়কর অফিস আপনার রিটার্নকে আপনার উদ্দেশ্য থেকে ভিন্নভাবে ব্যাখ্যা করে।
এখানেই একজন নিবন্ধিত আয়কর আইনজীবীর ভূমিকা শুরু হয়।
- আইনি প্রতিনিধি হিসাবে কাজ করাঃ আয়কর আইনের ধারা ৩২৭ অনুযায়ী, একজন করদাতা তার পক্ষে কথা বলার জন্য একজন অনুমোদিত প্রতিনিধি নিয়োগ করতে পারেন। আপনার আয়কর আইনজীবীর প্রথম দায়িত্ব হলো আপনার হয়ে NBR-এর সাথে সমস্ত আইনি যোগাযোগ পরিচালনা করা এবং পুরো প্রক্রিয়া জুড়ে আপনার আইনি অধিকার সুরক্ষিত রাখা।
- সঠিক কাগজপত্র গুছিয়ে উপস্থাপন করাঃ NBR ঠিক কী কাগজপত্র চাইছে এবং আইনি মানদণ্ড পূরণ করে কীভাবে তা উপস্থাপন করতে হবে — এটি একটি বিশেষ দক্ষতার বিষয়। আপনার আয়কর আইনজীবী প্রযোজ্য আইনের আলোকে চাহিদা বিশ্লেষণ করেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট, সম্পত্তির দলিল ও আর্থিক রেকর্ড সঠিকভাবে গুছিয়ে উপস্থাপন করেন।
- আইনি ব্যাখ্যা প্রদানঃ অডিটের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি হলো — করদাতার সম্পূর্ণ বৈধ আয় থাকলেও তা রিটার্নের ভুল অংশে দেখানো হয়েছে। তখন আয়কর অফিস সেটিকে অপ্রদর্শিত আয় হিসেবে গণ্য করতে পারে — যা একটি গুরুতর সমস্যা। একজন আয়কর আইনজীবী আইনের সঠিক ধারা উল্লেখ করে লিখিত আইনি ব্যাখ্যা প্রদান করতে পারেন এবং প্রমাণ করতে পারেন যে আপনার আয় যথাযথভাবে হিসাবভুক্ত।
- সংশোধিত রিটার্ন প্রস্তুত বা আপিল দায়ের করাঃ অডিট শেষে সংশোধিত রিটার্ন জমা দিতে বলা হলে, আপনার আয়কর আইনজীবী আরও জটিলতা এড়াতে সেটি নির্ভুলভাবে প্রস্তুত করবেন। আর যদি আয়কর অফিস আপনার অবস্থান যথাযথভাবে বিবেচনা না করে অন্যায্য কর চাপিয়ে দেয়, তাহলে তিনি ট্রাইব্যুনালে বা উচ্চতর আদালতে আপিল দায়ের করবেন এবং আপনার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাবেন।
একজন সৎ করদাতার অডিটকে ভয় পাওয়ার কিছু নেই। আপনার আয়, ব্যয় এবং সম্পদ যদি রিটার্নে সঠিকভাবে প্রদর্শিত হয়, তাহলে অডিট শুধুই একটি আনুষ্ঠানিকতা — এটি কোনো হুমকি নয়, শুধুই একটি প্রক্রিয়া।
এনবিআর এর অডিট লিস্টে আপনার রিটার্নটি আছে কিনা চেক করুন আমার ফ্রি অডিট চেকার টুলের মাধ্যমেঃ https://mahmudulhasanbijoy.online/nbr-return-audit-checker/
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: আয়কর অডিট নিষ্পত্তিতে একজন আয়কর আইনজীবীর ভূমিকা কী?
আয়কর অডিট নিষ্পত্তিতে একজন আয়কর আইনজীবী মূলত করদাতার আইনি ঢাল হিসেবে কাজ করেন। আয়কর আইনের ধারা ৩২৭ অনুযায়ী তিনি করদাতার 'অনুমোদিত প্রতিনিধি' (Authorized Representative) হিসেবে আয়কর কর্তৃপক্ষের সামনে উপস্থিত হওয়ার আইনি অধিকার রাখেন । অডিট চলাকালীন আয়কর অফিস যখন করদাতার আয়, ব্যয় ও সম্পদের বিভিন্ন হিসাব বা প্রমাণাদি তলব করে, তখন একজন আইনজীবী সেগুলো আইনের আলোকে গুছিয়ে উপস্থাপন করেন। অডিট টিম যদি কোনো আয়ের উৎস নিয়ে আপত্তি তোলে বা খসড়া অডিট রিপোর্ট পেশ করে , তখন আইনজীবী তার পেশাগত দক্ষতা দিয়ে সংশ্লিষ্ট আয়কর আইনের ধারা উল্লেখ করে যৌক্তিক ও লিখিত ব্যাখ্যা প্রদান করেন। এর ফলে করদাতার ওপর যেন অযৌক্তিক কোনো কর বা জরিমানা আরোপিত না হয়, তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে অডিট নিষ্পত্তিতে তিনি প্রধান ভূমিকা পালন করেন।
প্রশ্ন: অডিট কি একটি রিটার্নে একবারই পড়ে, নাকি যেকোনো বছরই পড়তে পারে?
একটি নির্দিষ্ট রিটার্ন যেকোনো বছর বা অনির্দিষ্টকাল ধরে অডিটে পড়ার সুযোগ নেই। আয়কর আইন, ২০২৩ এ সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো রিটার্ন যে করবর্ষে দাখিল করা হয়েছে, সেই করবর্ষ শেষ হওয়ার পরবর্তী ২ (দুই) করবর্ষের মধ্যেই কেবল উক্ত রিটার্নটি অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করতে হবে । এই নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে ওই নির্দিষ্ট রিটার্নটি আর সাধারণ অডিটের (Audit) আওতায় পড়বে না।
তবে, এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যে, সাধারণ অডিটের সময়সীমা পার হয়ে গেলেও, যদি আয়কর কর্তৃপক্ষের কাছে করদাতার আয় বা সম্পদ গোপনের কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে উপকর কমিশনার আয়কর আইন অনুযায়ী বিগত ৬ বছর পর্যন্ত ফাইল রি-ওপেন (Escaping tax assessment) করার ক্ষমতা রাখেন।
প্রশ্ন: অডিটের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে করদাতা বা আয়কর আইনজীবী হিসেবে করণীয় কী?
অডিটের পর উপকর কমিশনার যদি করদাতার বা আইনজীবীর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে একতরফাভাবে কর নির্ধারণ (Assessment) করে দেন এবং অতিরিক্ত কর বা জরিমানা চাপিয়ে দেন, তবে হতাশ হওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে করদাতা এবং তার আইনজীবীর আইনি অধিকার ও করণীয়গুলো হলো:
- প্রথম আপিল (First Appeal): উপকর কমিশনারের আদেশের বিরুদ্ধে অসন্তুষ্ট হলে, আদেশের নোটিশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে আয়কর আইনের ধারা ২৮৬ অনুযায়ী করদাতা তার আইনজীবীর মাধ্যমে আপিল কর্তৃপক্ষের (যেমন- কমিশনার অব ট্যাক্সেস-আপিল) কাছে প্রথম আপিল দায়ের করতে পারবেন ।
- কর আপিল ট্রাইব্যুনাল (Taxes Appellate Tribunal): প্রথম আপিলের আদেশেও যদি করদাতা সন্তুষ্ট না হন, তবে আদেশের কপি পাওয়ার ৬০ দিনের মধ্যে ধারা ২৯১ অনুযায়ী 'কর আপিল ট্রাইব্যুনাল'-এ দ্বিতীয় আপিল দায়ের করার সুযোগ রয়েছে ।
- হাইকোর্ট বিভাগে রেফারেন্স (High Court Reference): ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কোনো আইনি প্রশ্ন (Question of law) জড়িত থাকলে ধারা ২৯৩ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রেফারেন্স দায়ের করা যাবে ।
- বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR): দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে করদাতা চাইলে ধারা ২৯৭ এর অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution - ADR) বা মধ্যস্থতার মাধ্যমেও সমঝোতায় পৌঁছানোর আবেদন করতে পারেন ।
আইনজীবীর মূল করণীয়: এ সকল ক্ষেত্রে একজন আয়কর আইনজীবীর মূল করণীয় হলো— উপকর কমিশনার ঠিক কোন আইনি যুক্তিতে কর নির্ধারণ করেছেন তা বিশ্লেষণ করে আপিলের শক্ত গ্রাউন্ডস (Grounds of appeal) তৈরি করা এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কর বা ফি জমা দিয়ে ট্রাইব্যুনাল বা আদালতে করদাতার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া।